এবার জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে কাজী আব্দুল মাজেদ একাডেমী
একে আজাদ, রাজবাড়ী : বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে জাতীয় পর্যায়ে “Startup, Science Project and Innovation idea Showcasing” প্রোগ্রাম আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করে এবার জাতীয় পর্যায়ে অংশ নিতে যাচ্ছে পাংশা শহরের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আব্দুল মাজেদ একাডেমী।
এ প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ৬৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগর থেকে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী দল অংশ নিচ্ছেন জাতীয় পর্যায়ে।
পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমির ১০ শ্রেণীর শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় প্রথম স্থান অধিকার করায় একাডেমীর প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষার্থীদের মেধার মুল্যায়ন হয়েছে, আশাকরি জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখবে আমাদের শিক্ষার্থীরা। একই সাথে আমাদের শিক্ষক মন্ডলীদের শ্রমও স্বার্থক হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক বলেন এ সাফল্য এক দিনের নয় রাজবাড়ী জেলার মধ্যে থেকে কাজী আব্দুল মাজেদ একাডেমি জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে। আমরা আশা করি রাজবাড়ী জেলার গৌরব ধরে রাখতে পারবে কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষার্থীরা।
জাতীয় পর্যায়ে ২৯ জুন ২০২৬ তারিখ সোমবার ঢাকার শেরেবাংলা নগর, আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে এ সাফল্য কাজী আব্দুল মাজেদ একাডেমির অর্জিত হয়েছে।
(একে/এসপি/জুন ২৫, ২০২৬)
