মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মাদকের রাজধানী বলে পরিচিত গোয়ালী মান্দ্রা’র বেদে সম্প্রদায় এবার ফুসে উঠেছে। বেদে সম্প্রদায়ের যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার এক মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক নারী-পুরুষসহ স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, এলাকার কিছু অসাধু মাদক ব্যবসায়ীর কারণে তাদের পল্লী কলঙ্কিত হচ্ছে। গোয়ালীমান্দ্রা বেদেপট্টি এখন মাদকের কলঙ্কে জর্জরিত। কিছু অসাধু রাজনীতিবিদ ও বেদে সম্প্রদায়ের লোকজন নিজেদের স্বার্থে এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা স্পষ্ট জানান, পুরো বেদে সম্প্রদায় মাদক ব্যবসার সাথে জড়িত নয়। তাদেরও সন্তান রয়েছে, তারা চান না তাদের সন্তানরা মাদকাসক্ত হোক।

বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং গোয়ালীমান্দ্রা থেকে মাদক সম্পূর্ণ নির্মূলের দাবি জানান। তারা প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তৈয়ব ইসলাম মোল্লা, ছামিউল মোল্লা, সাইদ খান, মোঃ রাজেস, আনারুলসহ অনেকে। প্রসঙ্গত, গোয়ালীমান্দ্রা এলাকায় সম্প্রতি র‌্যাব ও পুলিশের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এলাকাটি মাদকের 'হটস্পট' ও মুন্সীগঞ্জের মাদকের রাজধানী হিসেবে পরিচিতি পেলেও বেদে সম্প্রদায়ের এই উদ্যোগ মাদকের বিরুদ্ধে সমাজের নীরব সংখ্যাগরিষ্ঠের অংশগ্রহণে নতুন বার্তা দিল। বিক্ষোভ মিছিলটি গোয়ালীমান্দ্রা বেদে পট্টি থেকে শুরু হয়ে হাটের বিভিন্ন গি প্রদক্ষিণ করে শেষ হয়।

(এমকে/এএস/জুন ২৬, ২০২৬)