সোনাতলায় নাগরিক কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : একাই একশ নই,একশ জনে এক হই,দৃপ্ত শপথে অঙ্গীকার, ঘুচাবো মোরা অন্ধকার" এই স্লোগানকে ধারণ করে বগুড়ার সোনাতলায় অনুষ্ঠিত হয়েছে সোনাতলা নাগরিক কমিটির প্রথম সম্মেলন ২০২৬।
আজ শনিবার দিনব্যাপী পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, নারী নেত্রী ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
এদিন সকালে জাতীয় সংগীত পরিবেশন ও উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক ও সাবেক জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী।
এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সাবেক কান্ট্রি ডিরেক্টর,বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং বিটিভির জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটি ও মানুষ-এর উপস্থাপক আতাউর রহমান মিটন, উগান্ডায় জাতিসংঘের শরণার্থী সংস্থার কর্মকর্তা আরিফুর রহমান এবং দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু।
এতে স্বাগত বক্তব্য দেন সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্ত।
এছাড়াও আরো বক্তব্য রাখেন নাগরিক কমিটির নির্বাহী সদস্য কৃষিবিদ এনামুল হক, দিশারী ফুডস অ্যান্ড বেভারেজের সিইও এম রহমান সাগর, এল টি ফার্নিচারের সিইও এন এম আবু জিহাদ, সোনাতলা প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সমাজসেবক ও নারী নেত্রী খালেদা আক্তার নয়নতারা এবং নাগরিক কমিটির ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি উন্নত জবাব দিহিমূলক ও মানবিক সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নাগরিক কমিটির মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০০৮ সাল থেকে সোনাতলা নাগরিক কমিটির বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বক্তারা ভবিষ্যতে আরো কার্যকর ও বিস্তৃত ভূমিকা পালনের আহ্বান জানান।
একই সঙ্গে নাগরিক ঐক্য, সামাজিক সম্প্রীতি, স্বচ্ছতা ও অংশগ্রহণ মূলক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিকেলে অনুষ্ঠিত সাংস্কৃতিক পরিবেশন করেন বগুড়া থিয়েটার ও কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা। দিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহসান হাবিব নয়ন ও মেহেরুল ইসলাম।
(বিএস/এসপি/জুন ২৭, ২০২৬)
