‘এখন শুরু হবে আসল লড়াই’
স্পোর্টস ডেস্ক : জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন থেকেই পরবর্তী পর্বে যাবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ের পাশাপাশি কোচ লিওনেল স্কালোনি এক অনন্য নজির গড়েছেন; আর্জেন্টিনার স্কোয়াডে থাকা মাঠের সব খেলোয়াড়ই (আউটফিল্ড প্লেয়ার) এখন পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
স্কালোনি বলেন, ‘ছেলেরা আজ একটি ভালো ম্যাচ খেলেছে।
আমরা দলের সবাইকে মাঠে নামার সুযোগ দিতে পেরেছি এবং এটি আমাদের খুব আনন্দ দিচ্ছে।’
দলের খেলোয়াড়দের ব্যক্তিগত অর্জন নিয়ে কোচ বলেন, ‘লো সেলসো গত বিশ্বকাপে চোটের কারণে থাকতে পারেনি, লাউতারোও গোল পাচ্ছিল না..আজ তাদের সাফল্যে আমরা সবাই খুশি।
এখন আসল লড়াই (নকআউট পর্ব) শুরু হতে যাচ্ছে।’
কৌশলগত পরিবর্তন নিয়ে তিনি আরও বলেন, ‘ডান প্রান্তে কোনো সমস্যা তৈরি হলে পালাসিওস সেখানে আমাদের সাহায্য করতে পারে, আজ সে সেটি করে দেখিয়েছে।
আমরা এই ম্যাচে কোনো খেলোয়াড়কে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইনি।’
(ওএস/এএস/জুন ২৮, ২০২৬)
