কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান
বিনোদন ডেস্ক : বর্ষার আগমনী আবহে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর নতুন আয়োজন ‘মেঘ’ প্রকাশ পাবে আজ (রবিবার) সন্ধ্যা সাড়ে ৭টায়।
আষাঢ়ের আবহকে কেন্দ্র করে নির্মিত গানটিতে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য এবং সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। বর্ষার সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই গানে ফুটে উঠেছে বর্ষার প্রতীক্ষা, নতুন শুরুর আশা এবং জীবনের পুনর্জাগরণের অনুভূতি।
গানটির অন্যতম আকর্ষণ বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে নতুন আঙ্গিকে উপস্থাপন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে আধুনিক স্পোকেন ওয়ার্ডের সংযোজন করা হয়েছে এতে। পাশাপাশি সমকালীন সংগীতায়োজন, আধুনিক কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগ গানটিকে দিয়েছে আলাদা মাত্রা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত ও আধুনিক সুরের সমন্বয়ে নির্মিত এই আয়োজন কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রয়াসেরই অংশ। এর মাধ্যমে দেশীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে।
বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা বরাবরই বিশেষ অনুপ্রেরণার উৎস। সেই ঐতিহ্য আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে উপস্থাপন করেছে ‘মেঘ’। গানটি আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে।
(ওএস/এএস/জুন ২৮, ২০২৬)
