রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারের একটি হার্ডওয়‍্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা বনবিভাগ।

আজ সোমবার সকালের দিকে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগ ও সিপিজি সদস্যরা সাপটি উদ্ধার করেন। অজগরটির ওজন ২৮ কেজি এবং এর দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি।

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী হারুন জানান, সকালে দোকান খুলে ভেতরে একটি বিশাল অজগর সাপ দেখতে পান তিনি। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভীড় জমায়। পরে বনবিভাগকে খবর দেওয়া হলে বনকর্মী ও সিপিজি সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাজারের মতো জনবহুল এলাকায় এত বড় অজগর সাপ আগে কখনো দেখা যায়নি। সাপটি দোকানের ভেতরে কীভাবে প্রবেশ করেছে সে সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে আশপাশের বনাঞ্চল বা ঝোপঝাড় থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে। কলাগাছিয়া ইকো টুরিজম কেন্দ্রে খাঁচার ভীতরে রাখা হয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদে সুন্দরবনের উপযোগী আবাসস্থলে অবমুক্ত করা হবে। একই সঙ্গে তিনি জনসাধারণকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বনবিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান।

(আরকে/এসপি/জুন ২৯, ২০২৬)