‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির
স্টাফ রিপোর্টার : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ এবং এর চেতনা নতুন প্রজন্মসহ দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৯ জুন) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, মাসজুড়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদযাত্রা, গণসংযোগ, শহীদদের স্মরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বিশেষ আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দিন ও ঘটনাগুলো তুলে ধরা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সংহতি সভা এবং ‘জুলাই থেকে জনপদে’ শীর্ষক বিচার ও গণভোট বাস্তবায়নে উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা।
২ থেকে ৮ জুলাই দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করা হবে।
এ ছাড়া ৫ থেকে ৯ জুলাই জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ১০ জুলাই ‘বাংলাদেশি সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ: লেখক-বুদ্ধিজীবীর দায়’ শীর্ষক আলোচনা, ১৪ জুলাই জুলাই নারী সমাবেশ, ১৫ জুলাই ‘কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা এবং ১৬ জুলাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
১৭ জুলাই ফ্যাসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’, ১৯ জুলাই ‘উত্তরার রক্তাক্ত জুলাই’ স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২০ জুলাই ‘জুলাইয়ের যাত্রাবাড়ী: মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ২২ জুলাই ‘সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা’, ২৩ জুলাই ‘আহতদের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি’, ২৪ জুলাই জুলাই যুব কনভেনশন ও ‘অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা’, ২৫ জুলাই শ্রমিক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ২৬ জুলাই ‘সাদা পোশাকের জালিম’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং ২৭ জুলাই ‘জুলাই গণঅভ্যুত্থান ও উদ্যোক্তার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।
৩০ জুলাই ‘ফিরে দেখা জুলাই’ এবং ‘হ্যাশট্যাগ থেকে গণঅভ্যুত্থান’ শীর্ষক কর্মসূচি, ৩১ জুলাই ‘স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস’ ও শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
আগস্টের কর্মসূচির মধ্যে রয়েছে—১ আগস্ট ‘দেশপ্রেমের ইউনিফর্ম’ এবং ‘সংবাদে গণঅভ্যুত্থান’, ২ আগস্ট ‘জুলাইয়ের দ্রোহযাত্রা’ ও ‘জুলাই স্মরণিকা’ প্রকাশ, ৩ আগস্ট ‘জনতার এক দফা’, ৪ আগস্ট আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ‘শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি’ শীর্ষক মতবিনিময় এবং ৫ আগস্ট ‘বিজয়ের উল্লাস’ কর্মসূচি।
এ ছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে প্রবাসেও মাসব্যাপী জুলাই স্মরণ কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচি বাস্তবায়নের জন্য ‘জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি’ও গঠন করেছে এনসিপি।
(ওএস/এএস/জুন ৩০, ২০২৬)
