প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়ার মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার গজারিয়া এলাকায় ইউনিলিভার অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কার্গো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা, নগরকান্দা থানা এবং মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আহত ট্রাকচালককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ জানান, ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

(পিবি/এসপি/জুন ৩০, ২০২৬)