ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া রেল ওভারব্রীজের ওপর চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গতকাল সোমবার রাত ১১ টার পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া রেল ওভারব্রীজের ওপর মাওয়াগামী এভার গ্রিন পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লেগেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে।
তিনি আরও জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি ঢাকার গুলিস্থান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের ফলে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
(এমকে/এসপি/জুন ৩০, ২০২৬)
