দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : "এক শিশু, এক গাছ—সবুজ হোক আগামীর আকাশ" এবং "One Child, One Tree – Green Future, Healthy Nation" প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), ফরিদপুর সদর উপজেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসএফডিএফের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হিরন্ময় সরকার। সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিশুদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম নিজ হাতে এসএফডিএফের সুফলভোগী কৃষক খলিলুর রহমানের হাতে একটি ফলজ গাছের চারা তুলে দেন। পরে তিনি ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে ফুল বাগানে একটি কাঠগোলাপের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত অতিথিরাও প্রতীকী বৃক্ষরোপণে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, "এক শিশু, এক গাছ" উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণই এ কর্মসূচির মূল লক্ষ্য। একই সঙ্গে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে "সবুজে গড়ি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" বার্তাও তুলে ধরা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাপস শাকারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), ফরিদপুর সদর উপজেলার উপজেলা কর্মকর্তা মো. শাহআলম।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ ধরনের সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত হলে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

(ডিসি/এসপি/জুন ৩০, ২০২৬)