রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জানালার গ্রিল কেটে এক বিচারক দম্পতির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসা থেকে হীরার আংটি, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ ২০ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। তবে বাসার মালিকের দাবি, চুরির ঠিক আগমুহূর্তে ভবনের সিসিটিভি ক্যামেরাটি বিকল করে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (৩০ জুন) রাতে এ চুরির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় জেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

ভুক্তভোগী বিচারক দম্পতি হলেন— মেলান্দহ সিভিল জজ আদালতের বিচারক আহমাদুল কবির সাকিল এবং তার স্ত্রী দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক নুসরাত জেরিন জেনি। তারা আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিন তলা ভবনের একটি ফ্ল্যাটে গত সাত মাস ধরে ভাড়া থাকছেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে বিচারক আহমাদুল কবির সাকিল তার স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য বাসা থেকে বের হন। বাসাটি পুরোপুরি ফাঁকা থাকায় ভবনের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ঢোকে চোরচক্র। এরপর আলমারি ভেঙে একটি মূল্যবান হীরার আংটি, ৮ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা লুটপাট করে নিয়ে যায়।

রাত ৮টার দিকে বিচারক আহমাদুল কবির সাকিল বাসায় ফিরে মূল দরজার তালা খোলার চেষ্টা করেন। কিন্তু ভেতর থেকে লক থাকায় চাবি দিয়েও তালা খুলছিল না। প্রথমে তিনি ভাবেন তালাটি হয়তো নষ্ট হয়ে গেছে। পরে মিস্ত্রি ডেকে এনেও দরজা খুলতে ব্যর্থ হলে তার মনে খটকা লাগে।

পরবর্তীতে রাত ৯টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, জানালার গ্রিল কাটা এবং ঘরের ভেতরের আলমারি ও আসবাবপত্র তছনছ করে সব লুটে করেছে চোরচক্র।

ভুক্তভোগী বিচারক দম্পতি জানান, সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

এ বিষয়ে বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, "আমার এই তিন তলা ভবনে মোট ৫টি ইউনিট রয়েছে। এর আগে কখনো এখানে এমন ঘটনা ঘটেনি। ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও চুরির সময় সেটি সচল ছিল না। আমাদের ধারণা, চোরচক্র অত্যন্ত সুপরিকল্পিতভাবে আগে থেকেই সিসিটিভি ক্যামেরাটি বিকল করে এই অপরাধ ঘটিয়েছে।"

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ভুক্তভোগী বিচারক দম্পতির পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধীদের শনাক্ত ও লুটের মালামাল উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।

(আরআর/এসপি/জুলাই ০১, ২০২৬)