বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান
স্টাফ রিপোর্টার : নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থসামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়নসহ সরকার নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম রোকেয়া পদক-২০২৬ প্রদানের জন্য আবেদন আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, উল্লিখিত যেকোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সর্বোচ্চ পাঁচজন বাংলাদেশি নারীকে এ পদক প্রদান করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিজে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনপত্রের নির্ধারিত ছক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। ওয়েবসাইটে প্রকাশিত নির্ধারিত ছক ছাড়া অন্য কোনো ছকে জমা দেওয়া আবেদন বা মনোনয়ন গ্রহণ করা হবে না।
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনপত্রের সফট কপি (নিকষ ফন্টে এমএস ওয়ার্ড ফাইলে) ই-মেইলে পাঠাতে হবে। একইসঙ্গে ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ড কপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর জমা দিতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনপত্রে পদক প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্র স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৬)
