বিশ্বকাপে ইতিহাস গড়ে স্বাধীনতা দিবসে দেশে ফিরল কেপ ভার্দে
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও কেপ ভার্দে দলের ঐতিহাসিক পারফরম্যান্সে বিন্দুমাত্র ভাটা পড়েনি দেশের মানুষের গর্বে।
অভিষেক বিশ্বকাপেই নকআউট পর্বে উঠে পুরো দুনিয়াকে চমকে দেওয়া বীরদের বরণ করে নিতে রবিবার উৎসবের নগরীতে পরিণত হয়েছিল দেশটির রাজধানী প্রাইয়া।
কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় অংশ নেন হাজার হাজার ফুটবলপ্রেমী।
বিশেষ এই দিনটি কেপ ভার্দের জন্য ছিল দ্বিগুণ আনন্দের, কারণ দলের দেশে ফেরার দিনটি ছিল দেশটির ‘স্বাধীনতা দিবস’।
৫ জুলাই স্বাধীনতার এই বিশেষ মুহূর্তে খেলোয়াড়দের স্বাগত জানাতে ফেডারেশনের পক্ষ থেকে আগেই সমর্থকদের জাতীয় দলের নীল জার্সি পরে এবং দেশের পতাকা হাতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল।
দল বহনকারী বিমানটি নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর থেকেই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
প্রাইয়া সিটির লেম ফেরেইরা, ফাজেন্দা, ভিলা নোভা এবং প্রাডিনহার মতো ঐতিহ্যবাহী এলাকাগুলো প্রদক্ষিণ করার সময় পুরো রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলের তীব্র লড়াইয়ে হারলেও নিজেদের প্রথম বিশ্বকাপেই বাজিমাত করেছে আফ্রিকার এই দেশটি।
গ্রুপ পর্বের অবিশ্বাস্য বাধা পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়া ‘ব্লু শার্কস’ খ্যাত এই প্রজন্মকে ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমাদের বীর’ বলে আখ্যায়িত করেছে।
বিমানবন্দরে নামার পর ভেনিজুয়েলার বিখ্যাত টেলিভিশন চ্যানেল ‘টেলিসুর’-কে সাক্ষাৎকার দেন টুর্নামেন্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনহা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এই যাত্রা নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। বিশ্বকাপ অভিযান ইতিবাচক ছিল, তবে আমরা আরও দূর যেতে চেয়েছিলাম।’
ফুটবলীয় গৌরবের এই মুহূর্তেও মানবিকতা ভোলেননি ভোজিনহা। সম্প্রতি ভেনিজুয়েলায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন এই গোলরক্ষক।
ভেনিজুয়েলার জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘ভেনিজুয়েলার মানুষের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা জানি আপনারা অত্যন্ত কঠিন একটি সময় পার করছেন। তবে আমি আশা করি আপনারা এই ধাক্কা কাটিয়ে ওঠার শক্তি পাবেন এবং এই জটিল পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠবেন।’
(ওএস/এএস/জুলাই ০৬, ২০২৬)
