গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে  গাছ চাপায় অসীম (২৭) নামের  আশ্রমের সেবায়েতের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামের  'শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে' এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসীম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী আশ্রমের সেবায়েত স্বপন দাস জানান, রবিবার বিকেলে আশ্রমের কিছু গাছ কাটা হয় । পরে একটি বড় গাছ ৪ জনে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে গাছটি ফেলার সময় সামনের ৩ জন দ্রুত সরে যান। অসিম সময়মতো সরতে পারেন নি। এতে তিনি গাছের নিচে চাপাপড়ে মাথায় গুরুতর আঘাত পান । তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ওই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

(টিবি/এএস/জুলাই ০৬, ২০২৬)