রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : রাজধানীর চকবাজার এলাকা হতে ৫ আগস্ট থানা লুটপাটের ঘটনার সময় খোয়া যাওয়া একটি লুন্ঠিত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে ঢাকার চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার জনৈক কাজল মিয়ার তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচতলায় স্থাপিত পলিথিন কারখানায় র‌্যাব-১০ একটি অভিযান চালিয়ে থানার লুন্ঠিত এ পিস্তলটি উদ্ধার করে।

রবিবার (৫ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর মিডিয়া বিভাগের পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তপন সরকার থানার লুন্ঠিত অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তপন সরকার জানান, র‌্যাব-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শনিবার (৪ জুলাই) রাত অনুমান সোয়া ১১টার দিকে ডিএমপি, ঢাকার চকবাজার মডেল থানাধীন লালবাগ কেল্লার মোড় জলাপট্টি এলাকার জনৈক কাজল মিয়ার তিন তলা বিশিষ্ট বিল্ডিং এর নিচতলায় স্থাপিত পলিথিন কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে| উক্ত অভিযান পরিচালনা করে কারখানার মেশিনের নিচ হতে সাদা রংয়ের প্লাস্টিক ব্যাগের ভিতরে রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি পিস্তল উদ্ধার করে|

র‌্যাব আরও জানায়, উদ্ধারের পর যাচাইকালে জানা যায় যে, উদ্ধারকৃত পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানা হতে লুণ্ঠিত হয়েছিল| ঘটনাটির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া, উদ্ধারকৃত লুন্ঠিত পিস্তলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা তপন সরকার।

(আরআর/এএস/জুলাই ০৬, ২০২৬)