বিকাশ স্বর্ণকার, সোনাতলা : "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা বিআরডিবির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।

সভায় ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে বিআরডিবির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একসময় এই প্রতিষ্ঠানের মাধ্যমে অগভীর ও গভীর নলকূপ বিতরণ সহ বিভিন্ন কৃষি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম বলেন, কৃষি ও পল্লী উন্নয়ন খাতের সমন্বিত কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে এবং দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, বিআরডিবির ঋণ যথাসময়ে পরিশোধের মাধ্যমে তহবিলের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এতে আরও বেশি মানুষ এ সুবিধার আওতায় আসতে পারবেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী,মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম এবং উপজেলা সমবায় সমিতির সভাপতি মাছুদুর রহমান মাছুদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রোখসানা। এতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/জুলাই ৬, ২০২৬)