সাতক্ষীরায় প্রথমবারের মতো পল্লী উন্নয়ন দিবস পালিত
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রথমবারের মতো সারাদেশের ন্যায় সাতক্ষীরায় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ, গাছের চারা ও ঋণ বিতরণ অন্যতম।
এ উপলক্ষ্যে আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা বিআরডিবির উপ-পরিচালক আফরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাউসার আজিজ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনূল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়ব হাসান শামসুজ্জামান, পল্লী উন্নয়নে সফল ব্যক্তিত্ব স্বপন কুমার শীলসহ সুফলভোগী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বের হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,গ্রাম উন্নয়ন মানেই দেশ উন্নয়ন। গ্রামীণ জনগোষ্ঠীর চাহিদাকে মাথায় রেখে সরকার উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে।
পরে আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বল্লী মজিবর রহমান বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের মাঝে উৎসাহ অনুদানের চেক বিতরণ, সুফলভোগীদের মাঝে ২শ’ ফলজ গাছের চারা বিতরণ ও উদ্যোক্তা ঋণ বিতরণ করা হয়।
(আরকে/এসপি/জুলাই ৬, ২০২৬)
