সাতক্ষীরায় ভারতীয় রেনুপোনাসহ ৬৬ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় চিংড়ি পোনাসহ ৬৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। এ সময় ট্রাকসহ দু’জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলার ভোমরা, হিজলদী ও কাকডাঙ্গা বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে এসব মালামাল আটক করেছে বলে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মো. আবুল হাসানের ছেলে ট্রাক চালক মো. আফ্রিদি হোসেন (২৩)ও মো. আনারুল ইসলাম মধুর ছেলে হেলপার মো. মেহেদী হাসান (২৫)।
সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গোপেন সংবাদের ভিত্তিতে ভোমরা চেকপোষ্ট থেকে ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় চিংড়ি রেনুপোনা ও বাংলাদেশী ট্রাক, হিজলদী থেকে ১ লাখ ২৭ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাকডাঙ্গা থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও বাঁকাল চেকপোষ্টের শ্রীরামপুর থেকে ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ৬৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা বলে তিনি দাবী করেন।
তিনি আরো বলেন, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া আটকৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
(আরকে/এসপি/জুলাই ৬, ২০২৬)
