শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক বাবা।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৬ টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় বাবা মো. নাজমুল ইসলাম (৩২)আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছেন, মো. নাজমুল ইসলাম, স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মো. আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন উত্তর গড়েয়ায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে মহাসড়কে মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়লে পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। মো. নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া চলামান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও পুলিশ তা চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

(এসএএস/এএস/জুলাই ০৭, ২০২৬)