রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের সীমান্ত এলাকায় সড়কের বেহাল দশার কারণে বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া জলাবদ্ধতার ভেতরেই বুক সমান পানি ভেঙে দিনরাত পাহারা দিচ্ছে বিজিবি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে তারা। তাদের দুর্ভোগ লাঘবে এবং পাহারা নিরবচ্ছিন্ন রাখতে সীমান্ত সড়কগুলো দ্রুত সংস্কার ও টহল উপযোগী করতে এলজিইডি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

আজ বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বিজিবি। তাদে দিনরাত সমানতালে পাহারা দিতে হয়। এই ভরা বর্ষা মৌসুমেও বুক সমান পানি ভেঙে দিনরাত পাহারা দিচ্ছেন তারা। এদিকে সীমান্ত সড়কগুলোরও বেহাল দশা। নানা স্থানে খানাখন্দ। দেশটাকে তো রক্ষা করতে হবে। এটি শুধু বিজিবির দায়িত্ব নয়, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

তিনি বলেন, জামালপুরের সীমান্ত এলাকাগুলোর রাস্তাঘাটের সমস্যা দীর্ঘদিনের। এসব সড়ক সংস্কার, দুর্গম এলাকায় মাটি ভরাট এবং সীমান্ত পথগুলো দ্রুত সময়ের মধ্যে টহলের উপযোগী করা দরকার।

সীমান্ত সড়কগুলোর সমস্যা দ্রুত নিরসনের জন্য এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

মতবিনিময় সভায় জামালপুর জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের সঙ্গে আলোচনা করেন বিভাগীয় কমিশনার।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/জুলাই ০৮, ২০২৬)