গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ৯টি আম গাছের চারা ভেঙে উপড়ে ফেলা হয়েছে। গত ৫ জুলাই রাতে নিজড়া ইউনিয়নের নিজড়া পারকুল গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে গত ৬ জুলাই গোপালগঞ্জ সদর থানায় ওই গ্রামের মৃত মোঃ নুর উদ্দিন উকিলের ছেলে মোঃ লিটন উকিল লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বরাত দিয়ে মো: লিটন উকিল বলেন, আমাদের বাড়ি থেকে ৫০০ গজ দূরে আমার ভাই ইকলাস উকিল ৩ বছর আগে ৮ শতাংশ জায়গা কেনেন। সেই জায়গায় আমরা আমগাছ রোপন করি। গত ৫ জুলাই রাত আনুমানিক ৩ টার দিকে বড়পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে গ্রামের লোকজন বাড়ি ফেরার সময় আমাদর বাড়িতে এসে জানায় আমাদের আম বাগানের গাছ কারা যেন ভেঙে উপড়ে ফেলেছে। পরে আমরা ঘটনা স্থলে গিয়ে দেখি ৯টি গাছ ভেঙে উপড়ে ফেলা হয়েছে।
আমরা ধারনা করছি, অজ্ঞাতনামা এক বা একাধিক বিবাদী গত ৫ জুলাই রাত ১২ হতে ৩ টার মধ্যে যেকোন সময়ে এ ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের প্রায় ২ হাজার ৭০০ টাকার ক্ষতি হয়েছে।
তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান জানান, এ ব্যাপারে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনার তদন্তের জন্য বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীমকে নির্দেশনা দিয়েছি। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি আনিসুর রহমান।
(টিবি/এসপি/জুলাই ০৮, ২০২৬)
