পাল্টাপাল্টি হামলার মধ্যেই খামেনির দাফন আজ
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ভেঙে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই আজ বৃহস্পতিবার দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরাকের কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ নেওয়া হচ্ছে জন্মশহর মাশহাদে। দাফানে কয়েক লাখ মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের হামলায় তেহরান থেকে মাশহাদগামী রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতে কারিগরি ও প্রকৌশলী দল কাজ করছে। যত দ্রুত সম্ভব রুটটি চালু করার চেষ্টা চলছে।
এদিকে পথে আটকে পড়া যাত্রীদের মাশহাদে পৌঁছাতে বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে।
মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরাক থেকে খামেনির মরদেহ মাশহাদে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ কারণে সকাল ৮টায় নির্ধারিত জানাজা ও শোকমিছিল পিছিয়ে দুপুর ২টায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে ইমাম রেজা (আ.)-এর মাজারে দাফন করা হবে।
এর আগে খামেনির মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজারে নেওয়া হলে সেখানে প্রায় ৩৮ লাখ মানুষের সমাগম ঘটে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রথম দিনেই আলী খামেনি ও তাঁর পরিবারের কয়েক সদস্য নিহত হন। এরপর যুদ্ধবিরতি এবং একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আবার সংঘাত শুরু হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন হামলায় গত দুই দিনে দেশটির পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র : আল জাজিরা ও মেহর নিউজ এজেন্সি
(ওএস/এএস/জুলাই ০৯, ২০২৬)
