শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : ময়লা পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবিতে দিনাজপুরের কাঞ্চন সেতু সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বালুয়াডাঙ্গাস্থ হঠাৎপাড়া-নতুনপাড়া এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শহরের পশ্চিম উপকন্ঠে কাঞ্চন সেতু সড়কে এই অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালনের কারণে চরম যানজটের সৃষ্টি হয়। সড়কের দুইপাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে চরম বিড়ম্বনার সম্মুখীন হয় পথচারীরা। দুপুর সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত ঘন্টাব্যাপী এই অবরোধে মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয়।

পরে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবীর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ এবং দিনাজপুর পৌর সভার নির্বাহী প্রকৌশলী মিনহাজুল ইসলাম সোহেল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পৌর কর্তৃপক্ষ আশ্বাস দেন অতি দ্রুত এই এলাকায় ড্রেন নির্মাণের মাধ্যমে ময়লা পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়। ফলে পৌর কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

(এসএস/এসপি/জুলাই ০৯, ২০২৬)