ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আজ বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার-এর নেতৃত্বে দিয়ার সাহাপুর, চর সাহাপুর, নতুনহাট ও রূপপুর এলাকার বিভিন্ন মাদক আড্ডায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার মো. রতন (৪০), নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. শাহীন (৪০) এবং ঈশ্বরদী উপজেলার ইলশামারী এলাকার মো. আলমগীর (৪৪)।
ভ্রাম্যমাণ আদালতে সরকারের পক্ষে মামলার বিবরণ ও অভিযোগ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঈশ্বরদী কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ শের আলম। শুনানি শেষে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এবং পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
(এসকেকে/এসপি/জুলাই ০৯, ২০২৬)
