স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দীর্ঘ ১৩ বছর ৭ মাস পর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
জ বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি লম্বা পাড়া গ্রামে স্বামী আনোয়ার হোসেনের বাড়ি থেকে স্ত্রী ইসমতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাকে নির্যাতন করা হতো। যৌতুকের কারণেই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী আনোয়ার হোসেন।
এ ঘটনায় নিহতের ভাই মজনু মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ১৩ বছর ৭ মাস পর এই রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
(আরআর/এসপি/জুলাই ০৯, ২০২৬)
