দুর্যোগে ও উন্নয়নে জনগণের পাশে আছে সরকার: দীপেন দেওয়ান
রিপন মারমা, রাঙ্গামাটি : কাপ্তাইয়ে টানা ভারী বর্ষণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
আজ বৃহস্পতিবার বিকেলে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে আশ্রয় নেওয়া মানুষের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, "বর্তমান সরকার সকল দুর্যোগে এবং উন্নয়নে সব সময় জনগণের পাশে আছে। তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে বিএনপি সরকার যেকোনো সংকটে জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পার্বত্যঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।"
তিনি আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে দুর্গতদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এছাড়া কাপ্তাই ১০ শয্যা হাসপাতালের পক্ষ থেকে পরিচালিত ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করে চিকিৎসকদের সাথে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন।
উল্লেখ্য, বিগত প্রায় ৪ দিন ধরে কাপ্তাইয়ে টানা ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশনায় এখন পর্যন্ত ২০৭ জন ঝুঁকিপূর্ণ বাসিন্দা কাপ্তাই উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল হাকিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু এ সময় উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জুলাই ০৯, ২০২৬)
