ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল কোডিনযুক্ত নিষিদ্ধ ESkuf সিরাপ উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, বুধবার (৯ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে নিয়মিত তল্লাশিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ট্রেনের ‘চ’ বগির পূর্ব পাশের করিডোরে অবস্থানরত মোছা. চায়না বেগম (৫৫), স্বামী– আক্কাস আলী, গ্রাম– আজিমপুর (ভাটাপাড়া), থানা– দর্শনা, জেলা– চুয়াডাঙ্গাকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়।

পরে নারী কনস্টেবল হালিমা খাতুনের সহায়তায় তাকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে নামিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালানো হয়। এ সময় তার ডান হাতে থাকা নেভি ব্লু ও সাদা চেক রঙের ট্রাভেল ব্যাগ থেকে ৪০ (চল্লিশ) বোতল কোডিনযুক্ত ESkuf সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

ঘটনাস্থলেই রাত ১টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় আলামত জব্দ করা হয়। ঈশ্বরদী রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

(এসকেকে/এএস/জুলাই ১০, ২০২৬)