স্টাফ রিপোর্টার : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা না দেয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে বাসদ খিলগাঁও থানার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ খিলগাঁও থানার আহবায়ক কমরেড আ্যড. জহিরুল ইসলাম মোল্লা, বক্তব্য রাখেন বাসদ ঢাকা মহানগরের সদস্য রুখসানা আফরোজ আশা, বাসদ খিলগাঁও থানার সদস্য আদম মালেক, জসিম উদ্দিন। সমাবেশ পরিচালনা করেন বাসদ খিলগাঁও থানার সদস্য অনিক কুমার দাস।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক ৩দিন পূর্বে অন্তবর্তীকালীন সরকার জনগণকে না জানিয়ে এখতিয়ার বহির্ভূতভাবে মার্কিনীদের সাথে অসম বাণিজ্য চুক্তি সম্পাদন করেন যাকে রেসিপ্রোকাল ট্রেড অফ এগ্রিমেন্ট (আরটিএ) চুক্তি বলা হয়। এই চুক্তির মাধ্যমে দেশের কৃষিখাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
অন্যদিকে, অযৌক্তিকভাবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম পুর্নবার বৃদ্ধি করা হয়েছে যা শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরো বৃদ্ধি করবে। যার প্রভাব পড়বে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের জীবনযাত্রার উপরে।

সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, জ্বালানি তেল ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবি জানান।

(ওএস/এএস/জুলাই ১১, ২০২৬)