টানা বর্ষণে প্লাবিত বাঙ্গালহালিয়া: দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে খামারির আহাজারি
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কবলে পড়ে সাদেক নামে এক তরুণ উদ্যোক্তার পোল্ট্রি ফার্মের প্রায় দেড় হাজার মুরগি পানিতে তলিয়ে মারা গেছে। এতে ওই উদ্যোক্তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী তরুণ উদ্যোক্তা সাদেক জানান, শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে টানা বৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোতে তার খামারটি প্লাবিত হয়। রাত ১টার দিকে খবর পেয়ে তিনি খামারে ছুটে এসে মুরগিগুলো বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু পানির প্রবল তোড়ে শেষ পর্যন্ত একটি মুরগিও রক্ষা করা সম্ভব হয়নি। খামারে থাকা প্রায় দেড় হাজার মুরগির প্রতিটি গড় ওজন ছিল ১ কেজি ২০০ গ্রাম।
সাদেক আরও জানান, বেকারত্ব দূর করার লক্ষ্যে এবং স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এই পোল্ট্রি ফার্মটি গড়ে তুলেছিলেন। একদিকে নিজের ঘরবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে রয়েছেন, অন্যদিকে একমাত্র সম্বল খামারের সব মুরগি মারা যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয়দের মতে, সাদেকের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সরকারি সহযোগিতা ছাড়া তার পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
এদিকে, ক্ষতিগ্রস্ত খামারি সাদেকের অসহায়ত্বের কথা জানতে পেরে পরিস্থিতি পরিদর্শনে যান বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. আরেফিন। এ সময় তার সাথে স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত খামারিকে সান্ত্বনা দেন এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখার আশ্বাস প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, সাদেকের এই ক্ষতি অপূরণীয়। তারা দ্রুত সরকারিভাবে ওই তরুণ উদ্যোক্তাকে আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন, যাতে তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারেন।
(আরএম/এসপি/জুলাই ১১, ২০২৬)
