দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় প্রতিহত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের দাইনুর সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। এসময় বিজিবি প্রতিহত করায় এক নারীসহ ৪ জন এখন শুন্য রেখায় অবস্থান করছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হলেও এখন পর্যন্ত ভারতের বিএসএফের কোন সাড়া পাওয়া যায়নি। এনিয়ে সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিজিবি জানায়, সকাল ৬ টার দিকে দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর আকিরাপুর সীমান্তের ৩১৫ নং মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ ৪ জনকে বাংলাদেশে পুশনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বিজিবি বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে প্রতিহত করে। ফলে ওই এক নারীসহ চারজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পেরে দাইনুর সীমান্তের শূন্য রেখায় রয়েছে। ৪ জনের মধ্যে একজন নারী ও ৩ জন পুরুষ। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী।
ওই ৪ জনই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। তারা হলেন- খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকারপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা: সুখী মোল্লা (৩৫), তাদের সন্তান মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচ কামনে গ্রামের মৃত: তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।
বিজিবির একটি সূত্র জানা যায়, গত দুই বছর আগে বাংলাদেশী চারজন নাগরিক কাজের সন্ধানে ভারতে গিয়েছিল এদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন। পরবর্তীতে বাংলাদেশে আসার সময় ভারতের পুলিশের হাতে তারা গ্রেফতার হয় এবং সেখানে দুই মাস কারাবরণ করেন।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা পুশইন নয়,অবৈধ অনুপ্রবেশ। এবিষয়ে আমরা ভারতীয় সীমান্তরক্ষী কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। বিষয়টি সমাধান হবে।
(এসএস/এসপি/জুলাই ১১, ২০২৬)
