নড়াইলে সুবর্ণা ঠাকুর এমপিকে সংবর্ধনা
রূপক মুখার্জি, নড়াইল : মতুয়া মাতা শ্রী সুবর্ণা সিকদার ঠাকুরকে গোপালগঞ্জ-বাগেরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় নড়াইলে সংবর্ধনা দেয়া হয়েছে।
শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
গতকাল শনিবার দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন শ্রীধাম ওড়াকান্দি, কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মতুয়া মাতা ও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুর।
হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে ও শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মতুয়া দেব মজুমদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল ১ আসনের সংসদ সদস্য ও জেলা বি এন পি'র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া দেবাশীষ বিশ্বাস, সংবর্ধিত মতুয়া মাতা ও সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুর, বিশেষ অতিথি নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মতুয়া সমেন সাহা, মতুয়া মিশন যশোর জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী গৌতম বিশ্বাস, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মতুয়া শ্রী তিতাস বিশ্বাস,কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী বিদুর কান্তি বিশ্বাস,মতুয়া মিন্টু বিশ্বাস, মতুয়া শ্রী বিদ্যুৎ কুমার সান্ন্যাল প্রমুখ।
বক্তারা মতুয়া মাতা শ্রী সুবর্ণা সিকদার ঠাকুরকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (গোপালগঞ্জ - বাগেরহাট) ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। মতুয়াদের সার্বিক কল্যাণে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে মতুয়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় আগামীতে মিলেমিশে কাজ করা যাওয়ার অনুরোধ জানানো হয়।
আলোচনা সভা শেষে সংবর্ধিত শ্রীমতি সুবর্ণা সিকদার ঠাকুরসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেয়া হয়। এর আগে অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমী চত্বরে পৌছালে জেলা মতুয়া নেতৃবৃন্দ অতিথিদের ফুল ছিটিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে নড়াইল জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে আগত শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কমিটির সদস্য ও ভক্তবৃন্দবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/জুলাই ১২, ২০২৬)
