রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের লক্ষ্য করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আজ রবিবার ভোর রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে এই ঘটনা ঘটে। তবে বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা-৩৩ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান জানান, রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে তলুইগাছা বিওপির একটি রাত্রিকালীন টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিল। এ সময় সীমান্ত মেইন পিলার ১৩ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোকের সন্দেহজনক কথাবার্তার শব্দ শুনতে পায় তারা। টহল দল সতর্ক অবস্থান নিয়ে শূন্য রেখা (জিরো লাইন) থেকে বাংলাদেশের আনুমানিক ৫০ গজ অভ্যন্তরে ‘চারাবাড়ি’ নামক স্থানে দুই অজ্ঞাতনামা চোরাকারবারিকে দেখতে পায়।

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত স্থান পরিবর্তনের চেষ্টা করে। এ সময় টহল দল তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করার জন্য একাধিকবার নির্দেশ দেয়। কিন্তু বিজিবি’র নির্দেশ অমান্য করে তারা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

"চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সময় টহল দল তাদের ধাওয়া করে। পরবর্তীতে নিরাপত্তার কথা বিবেচনা করে এবং তাদের গতিরোধের উদ্দেশ্যে বিজিবি চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। ফলে চোরাকারবারিদের বড় কোনো চোরাচালানের পরিকল্পনা ব্যর্থ হয়।"

বিজিবি’র গুলির মুখে চোরাকারবারিরা সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরপরই বিজিবি টহল দল ওই এলাকা এবং আশপাশে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তলুইগাছা সহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি বিজিবি’র নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ১২, ২০২৬)