‘দেশে ফেরা মাত্রই শেখ হাসিনা কারাগারে যাবেন’
স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
এক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো হলে তিনি আত্মসমর্পণের সুযোগ পাবেন না বলেও জানান তিনি।
রবিবার (১২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। এখন প্রশ্নটা হচ্ছে, তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন, তাহলে তো নিজে নিজে তার আসার কোনো সুযোগ নেই।
’
হয় প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন) আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে অথবা তাকে পুশব্যাক করবে- বলেন চিফ প্রসিকিউটর।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়া দলটির প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্সকে।
গত বৃহস্পতিবার রাতে রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘কেবল তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।’
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘সরকার কূটনৈতিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
’
‘আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিন হয়েছে, এ রকম নজির নেই...যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, তাহলে তো সঙ্গত কারণেই যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ-তিনি প্রথমত জেলে যাবেন এবং জেলে যাওয়ার পর তিনি আপিল করতে পারবেন কী পারবেন না, সে বিষয়ে নিষ্পত্তি হবে।’
(ওএস/এএস/জুলাই ১৩, ২০২৬)
