রাজন্য রুহানি, জামালপুর : আধুনিক বাংলার রুপকার, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়ামাহফিল ও পানিবন্দি মানুষদেরকে খাবার বিতরণ করেছে জাতীয় যুব সংহতি জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শহরের তমালতলায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের পানিবন্দি মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংক্ষিপ্ত আলোচনায় জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, 'বাংলাদেশের উন্নয়নের রূপকার সাবেক সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আমরা তাঁর দোয়া ও মিলাদের আয়োজন করেছি এবং সারা শহরে যে জায়গায়গুলো পানি উঠেছে সেইসব অঞ্চলে আমরা অসহায় দুস্থ মানুষের মাঝে সারাদিন তবারক বিতরণ করব।'

তিনি আরও বলেন, 'পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এমন একজন ব্যক্তি বাংলাদেশের ২০ কোটি মানুষ তাকে শ্রদ্ধা জানানো উচিত। কারণ তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, শুক্রবারে ছুটি ঘোষণা করেছেন, মসজিদ ও মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফ করাসহ সারা বাংলাদেশের অসংখ্য উন্নয়নের ইতিহাসের মাইলফলক আমার এই নেতা। যে নেতার কথা সারাদিন বললে শেষ হবে না। সেই নেতা আমাদের মাঝে আর নেই। আমরা তার উন্নয়নের ধারা অব্যাহত রেখে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এখনো মাঠে আছি।'

এ সময় সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম-আহবায়ক শাহেদ আহাম্মের লাভলু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, পৌর শাখার সদস্য সচিব মো. ইব্রাহিম, সদস্য মনির হোসেনসহ জেলা ও পৌর যুব সংহতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

(আরআর/এএস/জুলাই ১৪, ২০২৬)