রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে ‘জাতীয় ফল মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ ও মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।

কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, “কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তি এবং উন্নত কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সরকারের এ ধরনের সহায়তা কৃষকদের উৎসাহিত করবে এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য কৃষকদের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব জানান, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৪১০ জন কৃষককে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জনপ্রতি ৫টি বৃক্ষের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার দেওয়া হয়েছে। এছাড়া ২০০ জন কৃষককে গ্রীষ্মকালীন সবজির বীজ, ৩০টি লেবুর চারা, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার এবং ৩০ কেজি জৈব সার প্রদান করা হয়েছে। অর্থাৎ মোট ৬১০ জন কৃষক এই সহায়তার আওতায় এসেছেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা, কৃষি বিভাগের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষকবৃন্দ।

এর আগে অতিথিরা ফিতা কেটে জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন ফল ও কৃষিপণ্যের স্টল ঘুরে দেখেন।

(আরএম/এসপি/জুলাই ১৪, ২০২৬)