গোপালগঞ্জ প্রতিনিধি : শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৩টি বিভাগে আবশ্যকীয় সকল কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের জন্য চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে বিভাগীয় সভাপতিদের হাতে এসব হস্তান্তর করেন।

উল্লেখ্য, ইতোমধ্যে গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগের ল্যাবরেটরি কার্যক্রম জোরদার করতে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করা হয়েছিলো।

আজ দ্বিতীয় ধাপের এই কার্যক্রমে কেমিক্যাল প্রাপ্ত বিভাগগুলো হলো, রসায়ন, সিভিল, কৃষি, ফার্মেসি, বোটানি, পদার্থবিজ্ঞান, ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফিসারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স।

এছাড়াও দাপ্তরিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন দপ্তর ও বিভাগীয় অফিসের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ফার্নিচার হস্তান্তর করা হয় এবং দ্বিতীয় দফার চাহিদাপত্রের জন্য সকল বিভাগ থেকে তথ্য আহ্বান করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের সম্পূর্ণ উদ্যোগ ২০২৬-২৭ অর্থবছরেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

(টিবি/এসপি/জুলাই ১৪, ২০২৬)