শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ও বাস ভাংচুরের ঘটনায় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।

শিক্ষার্থীরা বলছে, শান্তিপূর্ণআন্দোলনের সময় তাদের উপর বাস উঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে শ্রমিকদের অভিযোগ, আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করে তাদের বাস ভাংচুর করা হয়েছে। বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চলমান এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ জানিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান দেয়।

দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছে এমন অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাতজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন।

অন্যদিকে সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পঞ্চগড় থেকে ছেড়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়ে।
ট্রেনটি দুপুর ২ টা ১০ মিনিটে দিনাজপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা দুই ঘন্টা পাঁচ মিনিট বিলম্বে,বিকেল ৪ টা ২৫ মিনিটে স্টেশন ত্যাগ করে বলে দিনাজপুর স্টেশন সুপার মো.জিয়াউর রহমান জানিয়েছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি, আন্দোলন তুলে নেওয়ার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো সমাধান হবে।

(এসএস/এসপি/জুলাই ১৪, ২০২৬)