বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম দক্ষিণপাড়া এলাকার প্রায় শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে একটি ইটের সড়কের অপেক্ষায় রয়েছে। বর্ষা এলেই প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তাটি কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জরুরি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ সেবাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, পুরাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বনগ্রাম বাজার থেকে মেহেরদিয়া মাঠ পর্যন্ত কাঁচা রাস্তাটি বছরের অধিকাংশ সময়ই অবহেলিত থাকে। বর্ষাকালে কাদায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
শুধু সাধারণ মানুষই নন, ভোগান্তিতে রয়েছেন এলাকার কৃষকরাও। রাস্তার দুই পাশের কৃষিজমিতে উৎপাদিত ফসল বাজারে নিতে তাদের বাড়তি কষ্ট করতে হয়। অনেক সময় মাথায় করে ফসল বহন করতে বাধ্য হন বলে জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা উন্নয়নের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় অবসরপ্রাপ্ত বিডিআর কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, “বর্ষা মৌসুমে রাস্তাটি পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে যায়। অন্তত ইট বিছিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হলেও মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। দ্রুত রাস্তাটি উন্নয়ন করা প্রয়োজন।”
পুরাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, “রাস্তাটি ইউনিয়ন পরিষদের অধীনে নয়, এটি এলজিইডির অধীনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।”
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান (বাবু ফকির) বলেন, “ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হবে।”
নগরকান্দা উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী খন্দকার রাহাত ফেরদৌস বলেন, “স্থানীয়রা লিখিত আবেদন করলে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে বনগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দারা দ্রুত কাঁচা রাস্তাটি ইটের সড়কে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
(পিবি/এসপি/জুলাই ১৪, ২০২৬)
