ছেলের হামলায় ‘মা’সহ একই পরিবারের ৪ জন আহত
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ছেলের হামলায় মা-সহ একাই পরিবারের ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে উপজেলার টেক্কা মার্কেট এলাকায় এঘটনা ঘটে।
এ ঘটনায় টেক্কা মার্কেটের মরহুম জয়নাল আবেদীনের স্ত্রী আহত সাহেরা বেগম (৬৭), ছেলে গিয়াস উদ্দিন (৪২), আওলাদ হোসেন (৪১) ও তার স্ত্রী অন্তরা আক্তারকে (২৫) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে বৃদ্ধা সাহেরা বেগমের অবস্থা গুরুতর।
প্রতিবেশীরা জানায়, অভিযুক্ত ছেলে শাজাহান শেখ (৫০) তার স্ত্রী রুজিনা বেগম (৪২), ছেলে রবিন (২৮), মেয়ে নুপুর (২৫) ও রবিনের সহযোগী একই এলাকার আলমগীর (২৬) এই হামলার সঙ্গে জরিত।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে বাড়ির জায়গা ভাগ বাটোয়ারা সংক্রান্ত বিষয় নিয়ে শাজাহান শেখের সঙ্গে তার মা ও ভাইদের সঙ্গে শালিস বসে মিমাংসা হয়। তবে শাজাহান বিভিন্ন অজুহাতে তার বাবার রেখে যাওয়া একটি দোকান ঘর দখলে নেওয়ার পাঁয়তারা শুরু করে। এদিন ঘরটি ভাংঙ্গতে গেলে তার মা বাঁধা প্রদান করে। এতে শাহজাহান শেখ ক্ষিপ্ত হয়ে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রবিন সাহারা বেগমকে আঘাত করে। মাকে বাচাতে অন্য ছেলেরা এগিয়ে আসলে শাজাহানের হুকুমে অভিযুক্তরা হামলা চালিয়ে বৃদ্ধাসহ ৪ জনকে মেরে আহত করে।
ভুক্তভোগী আওলাদ হোসেন বলেন, তার বড় ভাই শাজাহান শেখ জোরপূর্বক সম্পত্তি দখলের জন্য মাকে মারধর করে। আমরা মাকে বাঁচাতে গেলে অভিযুক্তরা আমাদেরকেও মারধর করে। উপায় না পেয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। ভাতিজা রবিনের এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। আড়িয়ল বিলে তার বিরুদ্ধে মামলাও আছে।
এ ব্যাপারে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে শাজাহান শেখ ফোন রিসিভ করেননি।
স্থানীয় ইউপি সদস্য মো. সোহাগ মোড়ল জানান, হামলার ঘটনার বিষয়ে আওলাদ হোসেন আমাকে জানিয়েছে।
অভিযোগের তদন্তকারী কর্মতর্কা ও শ্রীনগর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করা হবে।
(এম/এসপি/জুলাই ১৫, ২০২৬)
