ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন
ঈশ্বরদী প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন-এর উদ্যোগে পাবনার ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর।
এ সময় বক্তব্য দেন নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী এবং আব্দুল মতিন চক্ষু হাসপাতাল-এর সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে ৮০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। এছাড়া দুই শতাধিক রোগীর চোখ পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।
(এসকেকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)
