গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আগামীকাল বৃহস্পতিবার ১৬ জুলাইকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র‌্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গোপালগেঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্রাহ এ তথ্য জানিয়ে বলেছে, প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। লাইভ মিছিল থেকে কাশিয়ানীতে ১৫ জন, গোপালগঞ্জ সদরের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশের নিয়মিত টহলের সাথে বিজিবি ও টহল দিবে জানিয়ে পুলিশ সুপার জানান, গোপালগঞ্জকে অন্য জেলার থেকে আলাদাভাবে দেখা হচ্ছে না। গোপালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়, তাই ১৬ জুলাইকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইন-শৃংখলা বাহিনীর সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫ জন নিহত হয়। মূলতঃ এ দিনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃস্টি, নাশকতা ও আইনশৃংখলার অবনতি যাতে হতে না পারে, সেজন্য গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আইন শৃংখলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

(টিবি/এসপি/জুলাই ১৫, ২০২৬)