ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরের দিকে পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই মাদক ব্যবসায়ীকে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া পৌর এলাকার উত্তর বাজার জেলখানা রোডের আশরাফ আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সাজু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় সাজু মিয়া নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছে থাকা মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণয় অধিদপ্তর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, 'মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।'
(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২৬)
