ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদক ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। আজ বুধবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার, মাদকসেবন ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি, ১৫ জন মাদকসেবী এবং চারজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের সময় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান 'জিরো টলারেন্স'। সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের সহযোগিতায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে। মাদক ব্যবসা, মাদকসেবন কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, মাদক ব্যবসা বা সন্দেহজনক কোনো ব্যক্তি কিংবা অপরাধসংক্রান্ত তথ্য গোপনীয়তার সঙ্গে নিকটস্থ থানায় জানাতে। এসব তথ্যের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ ঈশ্বরদী গড়ে তুলতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
(এসকেকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)
