রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত 'টাস্কফোর্স' স্থানীয় সদর উপজেলার কানাইপুর এলাকার তিনটি ব্যাকারীর ফ্যাক্টরিতে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বেকারিগুলোর বিভিন্ন অনিয়মের কারণে তিনটি মামলাসহ প্রতিষ্ঠানগুলো থেকে সর্বমোট সর্বমোট ১ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রতিষ্ঠান তিনটিতে বিস্কুট, টোস্ট, কেক, ব্রেড প্রভৃতি খাদ্য সামগ্রী তৈরীর কাজে ব্যবহৃত অবৈধ ও বিষাক্ত পন্য বা দ্রব্যাদী খুঁজে পাওয়ায় তা জব্দ ও ধ্বংস হয়েছে।

আজ বুধবার সকালে উত্তরাধিকার ৭১ নিউজকে এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল এর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স-এর এ অভিযানে কানাইপুরের যে তিনটি বেকারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা হচ্ছে:

১. বিসমিল্লাহ বেকারী, মৃগী বাজার, কানাইপুর, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, ব্রেড, কেক ও ডেকোরেটেড কেক পণ্য উৎপাদন করায়, খাদ্যে কাপড়ের রঙ ব্যবহার করায়, খাদ্যের মোড়কে অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহার করায়, যথাযথ ল্যাব এনালাইসিস ব্যতীত লেবেলে পুষ্টি তথ্য প্রদর্শন করায় এবং নিম্নমানের লবণ ও পোকাযুক্ত মোরব্বার ব্যবহার করায় "নিরাপদ খাদ্য আইন-২০১৩' অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং নষ্ট মোরব্বা, কাপড়ে ব্যবহৃত রঙ, অবৈধ মোড়কসহ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

২. মায়ের দোয়া ব্রেড এন্ড বিস্কুট বেকারী, কানাইপুর কলেজ রোড, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় 'বিএসটিআই আইন-২০১৮' অনুযায়ী ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানে প্রাপ্ত পচা ডিমের খোসা এবং সেই ডিম ব্যবহার করে উৎপাদিত বিস্কুট ও ব্রেডের খামির জব্দ করে ধ্বংস করা হয়।

৩. মুসলিম ফুড, কানাইপুর কলেজ রোড, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস পণ্য উৎপাদন করায় এবং অননুমোদিত বিভিন্ন কেমিক্যালস উক্ত পণ্য উৎপাদনে ব্যবহার করায় 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯' অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটিতে প্রসিকিউটর হিসেবে প্রকৌ. এস,এম সোহরাব হোসেন সহ উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক বিএসটিআই পরিদর্শক (মেট), মো. খালিদ হাসান সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জনস্বার্থে ফরিদপুর অঞ্চলে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এ 'টাস্কফোর্স'-এর কর্মকর্তাবৃন্দ।

(আরআর/এসপি/জুলাই ১৫, ২০২৬)