রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে নিলামে বিক্রি হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ জন শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার রানা আহম্মেদ (২৪), জয়নাল আবেদীন (৩৩), মোঃ জুবায়ের হোসেন (২০), মফিজুল ইসলাম (৩৫), ইদ্রিস আলী (৩৮), ও সাতক্ষীরা জেলার আশাশুনিয়া উপজেলার মোঃ আলাউদ্দিন (৪২)। এরমধ্যে দুইজনের অবস্থা আশংঙ্কা জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারের নিয়োজিত শ্রমিকরা ভবন ভাঙার কাজ করার সময় হঠাৎ ভবনের ছাদ ধসে পড়ে। এতে ৬জন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কালাম উল্লাহ জানান, ৬ জন শ্রমিক ভবন ভাঙার কাজ করছিলেন। এ সময় ছাঁদ ধসে ৬জন জন শ্রমিক আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক জানান, ৭২ নং পূর্ব কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০০৬ সালে নির্মিত। দীর্ঘদিন ব্যবহারের ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ২০২৩ সালে কর্তৃপক্ষ এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ভবনটি নিলামে তোলা হয়। গত ২৫ জুন ২০২৬ তারিখে ঠিকাদার সামছুর দোহা টুটুল ভবনটি নিলামে গ্রহণ করেন। সেই ভবন ভাঙার কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে। বাকীদের প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)