গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : ১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলার আইন-শৃংখলা ঠিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকাল থেকে টহল অব্যাহত রেখেছে। রাতেও বিভিন্ন এলাকায় টহল দিয়েছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
এছাড়া আজ বৃহস্পতিবার সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন। তাদের সঙ্গে র্যাব ও পুলিশও যৌথভাবে টহল দিচ্ছে।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোষ্ট। পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন-শৃংখলা বাহিনীর সাথে আওয়ামী নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়। মূলতঃ এই দিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃস্টি ও আইনশৃংখলার অবনতি হতে পারে এমন আশংকায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। সেই সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি।
অন্যদিকে, জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নির্মিতব্য জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্যদিয়ে দিনটি পালন করা হয়।
পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে গোপালগঞ্জ- ০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ বিএনপি দলীয় নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/জুলাই ১৬, ২০২৬)
