ঘরে অগুন দেওয়ার অভিযোগে স্বামীকে তালাক দিলেন স্ত্রী
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : পারিবারিক কলহের জের ধরে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগে মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। এ ঘটনা ঘটেছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া গ্রামের আশ্রায়ন কেন্দ্রে।
গত সোমবার (১৩ জুলাই) রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) ঘরে আগুন ধরিয়ে দেয়। এমন অভিযোগ এনে বুধবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম।
আশ্রয়ণ কেন্দ্রর বাসিন্দা আবু বক্কার, শেখ রইচ, কামাল হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রায়ন কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। তারপর থেকে ওই ঘরে দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন স্বামী-স্ত্রী । কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। এছাড়া স্বামী শাহ আলম নেশা করে এসে স্ত্রী তাসলিমাকে শারিরীকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি তসলিমা স্বামীর এসব কাজের প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে আশ্রয়ন প্রকল্পের বসত ঘরে শাহ আলম আগুন ধরিয়ে দিয়েছে বলে আমরা সন্দেহ করছি। পরে আমরা আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। তারপর থেকে স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় বুধবার আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলমকে তালাক দিয়েছে স্ত্রী।
স্ত্রী তাছলিমা খানমের অভিযোগ করে বলেন, স্বামী শাহ আলম শেখ (বাবু) যা রোজগার করে সেই টাকা দিয়ে নিয়মিত মাদক সেবন করে। তিনি ভরণ-পোষণ তো দেয়ই না বরং নেশা করে উল্টো প্রায়ই মারধর করে। এসবের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। যে ব্যক্তি নিজের বসত ঘরে আগুন দেয়, তার সাথে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব না।
তিনি আরও বলেন, মানিয়ে নেয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু ঘরে আগুন দেয়ার মধ্যে দিয়ে সে সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আদালতে গিয়ে আইনানুগ ভাবে তাকে তালাক দিয়েছি।
এবিষয়ে স্বামী শাহ আলম শেখের (বাবু) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি যেকোন স্থাপনায় আগুন দেওয়া অপরাধ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
(টিবি/এসপি/জুলাই ১৬, ২০২৬)
