স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানিকগঞ্জে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। জেলায় মানসম্মত কোনো মন্দির নেই, এমনকি বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্য সম্পাদনের জন্য শ্মশানঘাটও নেই।

আমরা আপনাদের সেবা করতে এসেছি। মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় দুটি দৃষ্টিনন্দন মন্দির ও আধুনিক শ্মশানঘাট নির্মাণ করা হবে।

বিএনপি সব সময় আপনাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা সবাইকে নিয়ে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

আফরোজা খানম আরও বলেন, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কারণেই আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার জন্য একটি উন্নত ও নিরাপদ মানিকগঞ্জ প্রতিষ্ঠায় আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, যেন আমি আপনাদের স্বপ্ন পূরণে সফল হতে পারি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই খাতকে বিশ্বমানের করে তোলার নির্দেশ দিয়েছেন। আমরা বিশেষ করে প্রবাসী ভাই-বোনদের, যারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের কল্যাণে কাজ করছি। প্রবাসীদের টিকিটের মূল্য কমানো এবং দেশে ফেরার পর তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমি চাই, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হারানো গৌরব ও সুনাম যেন আবারও ফিরে আসে।

মানিকগঞ্জ কালীবাড়ী মন্দিরের সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ১৭, ২০২৬)