সস্ত্রীক নড়াইল ঘুরে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
রূপক মুখার্জি, নড়াইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও তার সহধর্মিণী পারিবারিক সফরে নড়াইলে ঘুরে গেলেন।
গতকাল শুক্রবার দুপুরে তিনি নড়াইল রেলস্টেশনে পৌঁছালে তাকে ও তার সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দুপুরের মধ্যাহ্নভোজ শেষে তিনি নড়াইল সদর উপজেলার গোবরা এলাকার ভোঁদড় পল্লী পরিদর্শন করেন এবং সেখানকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ শনিবার সকালের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও তার সহধর্মিণী শহরের মাছিমদিয়ায় অবস্হিত বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংগ্রহশালা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সফরকালে স্থানীয় নেতা-কর্মীরা শামসুজ্জামান দুদুকে আন্তরিক অভ্যর্থনা জানান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
(আরএম/এসপি/জুলাই ১৮, ২০২৬)
