ঈশ্বরদী প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে স্টেশনে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০টি ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট ও পাঁচটি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে পাকশী রেলওয়ে জেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের দিকনির্দেশনায় এবং সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এক ব্যক্তি নেশাজাতীয় মাদক বহন করছে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রেনটি সান্তাহার রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালে এসআই (নিরস্ত্র) এ কে এম ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশ ট্রেনে তল্লাশি চালায়।

এ সময় টিকিটবিহীন এক যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বক্তব্য অসংগতিপূর্ণ হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় পাঁচ পাতায় মোট ৫০টি Tapentadol Tablets-100 mg এবং পাঁচটি নেশাজাতীয় অ্যাম্পুল (ইনজেকশন) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে আটক করা হয়।

এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০২, তারিখ: ১৯ জুলাই ২০২৬) দায়ের হয়েছে।

পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন, রেলপথে মাদক পরিবহন ও পাচার রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

(এসকেকে/এসপি/জুলাই ২০, ২০২৬)